ভ্রাম্যমাণ প্রতিনিধি: ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব সংগঠনের নিবন্ধন সনদ ও ঋণের চেক বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলা জরুরি। যুবকরাই আগামী দিনের চালিকাশক্তি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে তরুণদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার। এ সময় বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ ও ঋণের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এম আব্দুর রাজ্জাক 








