সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা)
গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে যমুনা নদীর মাঝেই নৌকায় জন্ম নিয়েছে এক কন্যাশিশু। দুর্গম চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে নৌকায় সন্তান জন্ম দেন ওই নারী। পরে নবজাতকের নাম রাখা হয় ‘নদী’। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) কর্মীদের তাৎক্ষণিক সহযোগিতা ও উপস্থিত সবার আন্তরিক প্রচেষ্টায় মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
শনিবার বিকেলে ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চল থেকে ফুলছড়ি ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জিইউকের মাঠকর্মীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চরাঞ্চলে মাঠপর্যায়ের কার্যক্রম শেষে নৌকায় ফিরছিলেন সংস্থাটির একদল কর্মী। এ সময় প্রসববেদনায় কাতর এক নারীকে হাসপাতালে নেওয়ার জন্য তাঁর স্বজনরা তাঁদের সহযোগিতা চান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জিইউকের কর্মীরা দ্রুত ওই নারীকে নৌকায় তুলে নেন।
এর আগে দুর্গম পথ পাড়ি দিয়ে স্বজনরা ওই নারীকে প্রথমে হেঁটে এবং পরে মাচার সাহায্যে নৌকাঘাটে নিয়ে আসেন। কিন্তু নৌকায় ওঠার কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রসববেদনা বেড়ে যায়। এ সময় নৌকায় থাকা নারী কর্মী ও স্বজনরা কাপড় দিয়ে চারপাশ আড়াল করে প্রসবের উপযোগী পরিবেশ তৈরি করেন।
একদিকে নৌকা এগিয়ে চলছিল ঘাটের দিকে, অন্যদিকে মা ও অনাগত সন্তানের সুস্থতা নিয়ে উদ্বেগে ছিলেন সবাই। অবশেষে প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে যমুনা নদীর বুকেই জন্ম নেয় কন্যাশিশুটি। নবজাতকের আগমনে নৌকায় থাকা সবার মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগব্যবস্থার মধ্যেও মানবিক দায়িত্ববোধ ও সবার আন্তরিক সহযোগিতায় নবজাতকটির নিরাপদ আগমন সম্ভব হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।
দুর্গম চরাঞ্চলের প্রতিকূলতার মধ্যে যমুনা নদীর বুকে জন্ম নেওয়া শিশুটির নাম ‘নদী’ রাখার মধ্য দিয়ে ঘটনাটি পেয়েছে এক অনন্য মানবিক গল্পের আবহ।
০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সাঘাটায় যমুনার বুকে নৌকাতেই নবজাতকের জন্ম, নাম রাখা হলো ‘নদী’; সুস্থ মা ও শিশু
-
Reporter Name - ০৪:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ৩১
Tag :









