মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। নিখোঁজের তিন দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মোছা. শাহরিনা আক্তার (১৫)। সে উপজেলার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শ্রেণিতে তার রোল নম্বর ১।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রামেশ্বরপুর মাঝপাড়ার নিজ বাড়ি থেকে বের হয় শাহরিনা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ শাহরিনার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন হালকা-পাতলা। এ ঘটনায় তার বাবা মো. শাহাদত হোসেন গাবতলী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৪০, তারিখ ১ নভেম্বর ২০২৬।
মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করে বুধবার (৩ নভেম্বর) গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শাহরিনার বাবা। একই দিন শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারের দাবিতে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এদিকে তিন দিনেও শিক্ষার্থীর সন্ধান না মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। ঘটনাটি নিয়ে সচেতন মহলের কেউ কেউ বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজুসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা চলছে।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Reporter Name 











