ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আদমদীঘি সদর ইউনিয়নের প্রশাসক মো. আশরাফুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা আশরাফুল ইসলামের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, আদমদীঘিতে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্বশীলতা, বিনয়ী আচরণ এবং সাধারণ মানুষের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব সহকর্মী ও উপজেলাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাসুমা বেগম বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী অতিথি মো. আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে আদমদীঘিতে দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের সহকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজীর আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জাহিদুল আনোয়ার, প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, আইসিটি কর্মকর্তা শাহারিয়া সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম আব্দুর রাজ্জাক 











