স্টাফ রিপোর্টার: ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সমবায় দপ্তরের চেয়ারম্যান মাছুদুর রহমান মাছুদ, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক বাদশাসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন রাঙা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কেবল একটি সাংগঠনিক কাঠামো নয়; এটি সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক মুক্তির অন্যতম মাধ্যম। সমবায়ের মূল উদ্দেশ্য হলো সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় কার্যক্রমকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
বক্তারা আরও বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে আধুনিক সমবায় আন্দোলনের সূচনা হয়। বাংলাদেশেও কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমবায়ভিত্তিক বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণে সেচযন্ত্র ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ সমবায়ভিত্তিক কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হয়েছিল।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমবায় ও দারিদ্র্য বিমোচনবিষয়ক চিন্তাধারার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, দারিদ্র্য দূর করতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। শুধু সমিতি গঠন করলেই হবে না, নিয়মিত কার্যক্রম পরিচালনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমবায় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
সোনাতলা সংবাদ ডেস্ক 













