প্রেস রিলিজঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগরে অবস্থিত ঐতিহ্যবাহী পাঞ্জেরী একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী রোমান। প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল ওয়ারেছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সাহা, উদয়ন মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান সরকার, সাবেক রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম সরকার, বারোকনা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ আবদুল গফুর, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আলহাজ দৌলত জামান বাচ্চু আকন্দ, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী জবন্না আকন্দ, বাজিতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এবং আন-নূর সায়েন্টিফিক মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শামীম হোসাইন। এ ছাড়া মো. ঝিলাম মন্ডল, মো. সোনামিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান ও ইংরেজিতে বক্তব্য অতিথিদের মুগ্ধ করে। পরে ৩০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।
বক্তারা বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে পাঞ্জেরী একাডেমি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম, সুপরিকল্পিত পাঠদান এবং শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতা প্রশংসার দাবি রাখে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্যোগও ইতিবাচক।
তাঁরা আরও বলেন, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক হচ্ছে। একাডেমিক ফলাফলসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্জন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রারই প্রতিফলন। বক্তারা পাঞ্জেরী একাডেমির শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Reporter Name 














