স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া গ্রামের মৃত আব্দুস সালাম মাস্টারের ছেলে গোলাম কবীর সুমন (৩৬) একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের জন্য শুক্রবার সকালে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পিকআপভ্যান নিয়ে ওই গ্রামে যায়।
পরে গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে সুমনকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা। তবে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ পিকআপভ্যান নিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভাঙচুর চালায়। পাশাপাশি পুলিশের দুই কর্মকর্তাকে মারধর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে। এ সুযোগে তারা পুলিশের কাছ থেকে আসামি সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ চার নারীকে আটক করেছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চার নারীকে আটক করা হয়েছে।
Reporter Name 














