স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনসহ বিভিন্ন মালামাল নিলামে বিক্রি করা হবে। আগামী ১৬ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে সরাসরি ডাকের মাধ্যমে এ নিলাম অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নিলামে বিক্রির জন্য নির্ধারিত বিদ্যালয়গুলো হলো—বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুড়াভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ইটের তৈরি ভবনসহ বিভিন্ন সরঞ্জাম নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ক্রেতাদের ডাকের দিন তিন হাজার টাকা জামানত জমা দিয়ে অংশগ্রহণ করতে হবে। সর্বোচ্চ দরদাতাকে নির্ধারিত মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর পরিশোধ করতে হবে। নিলামে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শন করে ভবন ও মালামালের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া নিলামে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ার পর নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে ক্রয়কৃত মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন নিলামের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিয়মনীতি অনুসরণ করেই এ নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর উপজেলা পরিষদের মিনি হলরুমে এ ডাক অনুষ্ঠিত হবে। আগ্রহী ক্রেতাদের নির্ধারিত নিয়ম মেনে নিলামে অংশগ্রহণ এবং ক্রয়কৃত মালামাল যথাসময়ে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 













