এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জন এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ১০ জন নারীর হাতে সেলাই মেশিন এবং ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে সেলাই মেশিন পাওয়া নারীরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি হুইল চেয়ার পাওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা চলাচলে বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 














