মুহাম্মাদ আবু মুসা: বগুড়ায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ৫১ লাখ টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন বলেও তিনি উল্লেখ করেন।
বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল অজিদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এ সময় বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এমপি রেজাউল করিম বাদশা ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বর্তমান সরকার ও জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
Reporter Name 

















