স্টাফ রিপোর্টার: বগুড়ার কামারপাড়া গ্রামের মো. শাফিউল ইসলামের আয়োজিত সাংবাদিক সম্মেলনে নিজের ও দুই ভাগিনা সালমান শাহ্ ও রাসেলের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন মো. সাইফুল ইসলাম।
রোববার (৪ অক্টোবর) দেওয়া এক প্রতিবাদলিপিতে সাইফুল ইসলাম বলেন, শাফিউল ইসলামের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এর আগে থানায় একাধিক অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায় ও থানায় কয়েক দফা সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
সাইফুল ইসলামের দাবি, বিরোধের মূল বিষয় জমি-জমা হলেও বর্তমানে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে তার ও দুই ভাগিনার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবি, দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, মারধর, দোকান ভাঙচুর এবং ক্যাশবাক্স থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, তারা কখনো শাফিউল ইসলামের কাছে চাঁদা দাবি করেননি। তার ওপর হামলা, মারধর কিংবা দোকান ভাঙচুরের সঙ্গেও তারা জড়িত নন।
এ ছাড়া শাফিউল ইসলামের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, পরিবারের সদস্যদের মারধর বা ভয়ভীতি দেখানোর অভিযোগও অস্বীকার করেছেন সাইফুল ইসলাম।
তিনি আরও দাবি করেন, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত করার অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। জমি-জমা সংক্রান্ত বিরোধের সঙ্গে রাজনৈতিক পরিচয় যুক্ত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সাইফুল ইসলামের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে তাদের হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ পরিস্থিতিতে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, তারা কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না। জমি-জমাসহ যেকোনো বিরোধ আইনানুগ ও শান্তিপূর্ণভাবে সমাধান হোক—এটাই তাদের প্রত্যাশা। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই করার জন্য পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সাইফুল ইসলাম। একই সঙ্গে নিজের ও তার দুই ভাগিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
Reporter Name 














