স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন দুর্গামন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
রোববার (৪ অক্টোবর) সোনাতলা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫৩টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় ওসি কবির হোসেন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে রাতের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করার পাশাপাশি মন্দির কমিটির সদস্যদেরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও মন্দির কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কোনো সন্দেহজনক বিষয় বা অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়লে দ্রুত থানায় জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সামনে রেখে প্রতিটি মন্দির কমিটিকে আগাম প্রস্তুতি নিতে হবে। পূজার দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর পাহারা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সাহা, সাংগঠনিক সম্পাদক গগন পাল, কোষাধ্যক্ষ গৌতম প্রামাণিকসহ বিভিন্ন ইউনিয়নের দুর্গামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মন্দির পাহারা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব চলাকালে মন্দির কমিটির করণীয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Reporter Name 
















