মুহাম্মাদ আবু মুসা- বগুড়ার গাবতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সৈয়দ আহম্মদ কলেজ। একই সঙ্গে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) গাবতলী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজ ও অধ্যক্ষের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। এ সময় গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ বিভিন্ন ক্যাটাগরিতে সৈয়দ আহম্মদ কলেজ এর আগে ২৪টি পুরস্কার অর্জন করেছে। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাবতলী উপজেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Reporter Name 
















