ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বগুড়ার পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় এসআই মো. আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আদমদীঘি থানার মামলা নং-১৪, তারিখ ২৫ আগস্ট ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কুসুম্বী গ্রামের মো. আব্দুল বারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টের (W/A) ভিত্তিতে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বামনীগ্রামের মো. সোবহান, ছাতিয়ানগ্রামের খন্দকার আল ফারুক মেসবাহ ওরফে মেজবাউল হক, কালাইকুড়ি গ্রামের মো. আলামিন, সান্তাহার পশ্চিম কলোনির মো. শাহ আলম এবং কালাইকুড়ি গ্রামের মো. নাঈম ও মো. আশিক।
এ ছাড়া সিআর ওয়ারেন্টের (W/A) ভিত্তিতে মালশন পশ্চিমপাড়া গ্রামের মোসা. রুনি এবং ছাতিয়ানগ্রামের মো. নয়ন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে সোমবার বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এম আব্দুর রাজ্জাক 
















