সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের বাঙালি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম পৌর এলাকার বাগবেড় গ্রামের নান্নু মিয়ার ছেলে। সে উত্তর হিন্দুকান্দি গ্রামের তানজিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রবিউলসহ মাদ্রাসার ১০ থেকে ১২ জন শিক্ষার্থী বাঙালি নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিক্ষার্থী নদীর গভীর পানিতে তলিয়ে যায়। মাদ্রাসার দুই শিক্ষক দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রবিউলকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব না হলে রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেলে উদ্ধার অভিযান শুরু করে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার সুজন মিয়া জানান, দীর্ঘ সময়ের অভিযানের পর সোমবার সন্ধ্যার পর নদী থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 
















