সোনাতলা সংবাদ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘অগ্নিকণ্ঠ-২০২৬’ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা ১০ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের মোঃ মেহেদী হাসান রিপন। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ‘অগ্নিকণ্ঠ-২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাথমিক বাছাই পেরিয়ে নির্বাচিত ১০ প্রতিযোগী এতে অংশ নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে মহাপরিচালকের নির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সরাসরি অডিশনের মাধ্যমে প্রাথমিকভাবে ৫৯ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য ১০ জনকে নির্বাচিত করা হয়।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারী কল্যাণ সমিতির সভাপতি মিসেস নাছিমা আকতার, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন এবং নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাহিদা আকতার।
অনুষ্ঠানের শুরুতে ‘অগ্নিকণ্ঠ-২০২৬’ আয়োজনের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১০ প্রতিযোগী সংগীত পরিবেশন করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী বিউটি ও কণ্ঠশিল্পী নাসির।
চূড়ান্ত প্রতিযোগিতায় বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ রবিউল আলামিন প্রথম, সূত্রাপুর ফায়ার স্টেশনের লিডার মোঃ কেফায়েত হোসেন দ্বিতীয় এবং মিডিয়া সেলের ফায়ারফাইটার নিয়াজ মোর্শেদ তৃতীয় স্থান অর্জন করেন।
প্রথম স্থান অর্জনকারীকে ৪০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়া সব প্রতিযোগীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
মেহেদী হাসান রিপন সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের জাকির হোসেন মুন্টুর একমাত্র ছেলে। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি ‘আলোর প্রদীপ যুব সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করে আসছেন।
অগ্নিকণ্ঠ-২০২৬-এর গ্র্যান্ড ফিনালে দেশসেরা ১০ প্রতিযোগীর তালিকায় স্থান পাওয়ায় মেহেদী হাসান রিপনের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনকে সোনাতলার তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।
প্রধান অতিথির বক্তব্য ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় ‘অগ্নিকণ্ঠ-২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।
Reporter Name 








