স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকায় একটি স্থায়ী সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের মানুষ। যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নড়বড়ে কাঠের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পারাপার হচ্ছেন শিশু, শিক্ষার্থী, নারী ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষ।
স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ পথ হলেও সাঁকোটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কাঠের পাটাতন নড়বড়ে হওয়ায় সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির স্রোত ও পিচ্ছিল কাঠের কারণে সাঁকো পারাপারে বাড়ে দুর্ভোগ ও আতঙ্ক।
এলাকাবাসী আনোয়ার হোসেন রোকন, খোকন সরকার, জলি বেগম, মোনায়ারুল ইসলাম, নার্গিস বেগম ও ফকরে মিয়া জানান, দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় শিশু-কিশোরদের এই বিপজ্জনক সাঁকো পার হতে হয়। এ ছাড়া অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।
এলাকাবাসীর মতে, এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ও কার্যকর উদ্যোগ চান তাঁরা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যেই ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাসেই সীমাবদ্ধ না থেকে দ্রুত নির্মাণকাজ শুরু হবে। তাঁদের প্রশ্ন, নিরাপদ যাতায়াতের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে?
সোনাতলা সংবাদ ডেস্ক 















