সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় ইয়াবাসহ আটকের পর পুলিশের কাছ থেকে মামুন (৩৮) নামে এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজন ও স্থানীয় লোকজনের বিরুদ্ধে। পুলিশের দাবি, আটকের পর ওই যুবক ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। একপর্যায়ে পুলিশের তিন সদস্যকে ঘিরে ধরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে তাঁকে নিয়ে চলে যান তাঁরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ডেকরা পূর্বপাড়া গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ডেকরা গ্রামের একটি সড়কে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে মামুনকে আটক করা হয়। এ সময় তাঁর প্যান্টের পকেট থেকে সাতটি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামুন ওই গ্রামের আনসার মাস্টারের ছেলে। তিনি ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর মামুন নিজেকে ডাকাতের কবলে পড়েছেন দাবি করে ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা তিন পুলিশ সদস্যকে ঘিরে ধরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে মামুন অসুস্থতার ভান করে রাস্তায় পড়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সুযোগে উপস্থিত লোকজন তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ইয়াবাসহ আটকের পর মামুন ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করে লোকজন জড়ো করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে মামুনকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় মামুনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম গোফ্ফার বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। আমি শহরে থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।’ -সূত্র- দৈনিক আজকের পত্রিকা।
Reporter Name 















