ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির কৃষি মন্ত্রণালয়, ঢাকার সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী আতাউর রহমান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মসলা গবেষণা কেন্দ্র, বগুড়ার সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে. এম. খালেকুজ্জামান। তারাও এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের সভাপতি মো. মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের একপর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এম আব্দুর রাজ্জাক 














