সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের পৃথক অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে পৃথক ঘটনায় এসব মাদকদ্রব্য ও চাকু উদ্ধার করা হয়। অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকুসহ মো. দুলাল প্রামাণিক ওরফে বেলাল (৩৫) আটক হন। তিনি উপজেলার চর গোসাইবাড়ী দক্ষিণপাড়া এলাকার মো. শাহ আলম প্রামাণিক ও দুলালী বেগমের ছেলে।
এ ছাড়া ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দক্ষিণ বাড়ইপাড়া এলাকার মো. বেলাল হোসেন (৩৩) ও মো. সেলিম ইসলাম (২৬), ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাইকপাড়া এলাকার মো. সাফুল (২৩) এবং দক্ষিণ হিন্দুকান্দি এলাকার মো. আব্দুল মান্নান (৪৭) আটক হন। একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রী শ্যামল কুমার (২৬)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Reporter Name 


















