সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্যপণ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুপা বেকারি এবং পৌর এলাকার গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এসব অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রুপা বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নিম্নমানের উপাদান ব্যবহার, বিএসটিআইয়ের মানসনদ-সংক্রান্ত অনিয়ম এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়গুলো পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পৌর এলাকার গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার এবং রেড বুল বিক্রি ও সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Reporter Name 


















