স্টাফ রিপোর্টার: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার রক্ষা ও তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এ সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা, বগুড়া জেলা বিএনপির মহিলা নেত্রী শাহেলা আক্তার মুক্তা এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রুখসানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে অন্যতম বাধা। অল্প বয়সে বিয়ের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন ব্যাহত হয়। পাশাপাশি তারা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সমস্যার মুখোমুখি হতে পারে। তাই প্রতিটি কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা এবং বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রচলিত আইন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন করা হলে তা বন্ধে সরকারি হেল্পলাইন ১০৯ নম্বরে যোগাযোগ করে সহায়তা নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কন্যাশিশুর শিক্ষার অধিকার, নারীর ক্ষমতায়ন, ব্যক্তিগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মেয়েদের শিক্ষা ও দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে তারা নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতিটি কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
Reporter Name 
















