স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত একটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে অভিযানে মোট চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হাসান (৩০) এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন (৪০) আটক হন। ইমরান উপজেলার বাগবের এলাকার বাসিন্দা। লিটনের বাড়ি কুঠিবাড়ী এলাকায়। এ ছাড়া তাহেরুল ইসলাম নামে আরও একজনকে মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে।
অন্যদিকে, দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি আমিনুর রহমান রিপনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজিজার রহমান আকন্দ।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পর মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে চারজনকেই বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে থানা পুলিশ। অপরাধসংক্রান্ত তথ্যদাতাদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দেওয়া হয়েছে।
Reporter Name 
















