রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের মৃত চান্দু দফাদারের ছেলে আনিছুর শেখ (৩৫) ও একই গ্রামের মোজাহার আলীর ছেলে ময়নুল হক (৩৩)। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিললুর রহমান।
এ ব্যাপারে জিললুর রহমান জানান, কুড়িগ্রাম থেকে গাঁজার একটি বড় চালান গাইবান্ধায় আসে। সেখান থেকে কৌশলে গাঁজাগুলো বগুড়ার বিভিন্ন এলাকায় সরবারহ করা হবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় সোনাতলা-মোকামতলা পাকা সড়কের দারুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সামনে অবস্থান নেন। রাত ৯টার দিকে নেপিয়ার ঘাস ভর্তি একটি ভ্যান যাওয়ার সময় ভ্যানটি আটক করা হয়। এরপর সেটি তল্লাশি করে ৭ প্যাকেটে মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সামসুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের করেন।
Reporter Name 


















