সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি সড়কের ধারে মাইলফলকে ঘষামাজা করায় বিভ্রান্ত হচ্ছেন পথচারী সহ যানবাহন চালকরা।
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাসস্ট্যান্ড থেকে মধুপুর ইউনিয়নের হরিখালী পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)’র । সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক । ওই সড়কের দুই প্রান্তে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হাট-বাজারও অসংখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা। এছাড়াও সড়কের দু’ধারে হাজার হাজার বসতবাড়ি। এ দু’টি ঘনবসতি এলাকা।
ওই সড়কে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) দেশের গ্রামীণ এবং নগর কাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। পথচারী ও যানবাহন চালকদের সুবিধার্থে এক কিলোমিটার পথ পর-পর সড়কের ধারে বসানো হয়েছে মাইলফলক। এ সকল মাইলফলকে লেখা এলাকার নাম ও দূরত্ব লেখা থাকলেও ওই সড়কের ধারে বসানো মাইলফলকের লেখা নাম ও দূরত্ব ঘষামাজা করে বিকৃত করেছে। এতে করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী অপরিচিত অন্যান্য উপজেলার পথচারীরা যাতায়াত করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছে।
এ বিষয়ে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের ছাইদুর রহমান, নজরুল ইসলাম, পারভীন আক্তার, নাজমীন আক্তার বলেন, ওই সড়কের মাইলফলকে লেখা দূরত্বের জায়গায় ৫ কিলোমিটারের স্থলে বখাটেরা লেখাটি ঘষামাজা করে ৫০ কিলোমিটার লিখে রেখেছে। আবার অনেক স্থানে ২ কিলোমিটারের স্থলে ২০ কিলোমিটার লিখে রেখেছে । এলাকার নাম হরিখালী’র স্থলে হেরিখালী এবং চরপাড়ার স্থলে চোংপাড়ী লিখে রেখেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতাউর রহমান তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চরপাড়া-হরিখালী একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক দিয়ে সোনাতলার পার্শ্ববর্তী ৫টি উপজেলার পথচারীরা যাতায়াত করেন। সড়কের ধারে বসানো মাইলফলকে এ ধরনের লেখা ঘষামাজা এলাকার উচ্ছৃঙ্খল যুবকদের কাজ । বারবার আমরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে সচেতনতামূলক সভা করেও কোন ফল হয়নি।
Reporter Name 


















