সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ১০১ পিস ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সোনাতলা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনাতলা সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সক্রিয় তিন সদস্যকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ২টি দা, ২টি হাতুড়ি, ৫টি ধারালো ছুরি, ২টি চেইন, ৩টি মোবাইল ফোন এবং ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- সোনাতলা পৌরসভার গরফতেপুর গ্রামের ইউনুস আলীর ছেলে লায়ন (৩৫), আগুনিয়াতাইর গ্রামের সোনাতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি ছবি বেগম ও শহিদুল ইসলামের দুই ছেলে সিয়াম ইসলাম (২০) এবং শিশির লাদেন (১৯)।
এ বিষয়ে সোনাতলা ক্যাম্প সেনাবাহিনী জানান, “সোনাতলায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান জিরো টলারেন্স। জননিরাপত্তা বিঘ্নিত হলে যে কাউকে আইনের আওতায় আনা হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান শেষে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোনাতলা থানার এসআই শামীম রেজা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
এবিষয়ে মামলার বাদি এস আই শামীম রেজা জানান, উদ্ধারকৃত ১০১ পিছ ইয়াবার মধ্যে ৩ পিছ ভাঙ্গা থাকায় মামলায় ৯৮ পিছ উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদক কারবারে আতঙ্ক বিরাজ করছিল। যৌথ বাহিনীর এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Reporter Name 


















