স্টাফ রিপোর্টার: বগুড়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, সারা দেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে খড়কুটোর মতো সবকিছু ভেসে যাবে।
মঙ্গলবার (আজ) বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী কিয়াছের মোড় বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি মাঠে রয়েছে। সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হলে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Reporter Name 


















