সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে জামায়াত কর্মী আব্দুল্লাহ আল শাফীর বাড়িতে বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটানো ও বগুড়া-১ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রচারে বাধা দানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া-১ আসনের দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাড. শাহীন মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, গত ২৮ জানুয়ারি বুধবার রাত ১১টার দিকে জামায়াত কর্মী আব্দুল্লাহ আল শাফীর বাড়িতে বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা করছে একদল সন্ত্রাসী। শাহীন বলেন, বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি -সোনাতলা) জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হুমকি-ধামকি, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এবং তাদেরকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের নিকট দাবি জানিয়ে বলেন,অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ভোটের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বগুড়া-১ নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ ফজলুল করিম, পৌর জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট জাহিদ হোসেন ও জামায়াত নেতা এ.এস.এম জাহিদুল হকসহ দলীয় নেতাকর্মীরা।
Reporter Name 


















