সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ডিবির ইনচার্জ, পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকারপাড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, তার সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্য সহকারী আব্দুল হান্নান গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফি পান করছিলেন। এ সময় অভিযুক্তরা রেস্টুরেন্টে প্রবেশ করে তাদের দু’জনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি কক্ষে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ছবি তোলে এবং মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করেন। পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। এছাড়া ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন থেকে অবশিষ্ট ৮ লাখ টাকা আদায়ের জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকে অভিযুক্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















