স্টাফ রিপোর্টার: সোনাতলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, মারপিট এবং মোবাইলসহ নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিউলি বিবি অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ ওবে মন্ডলসহ তার পরিবারের ছয়জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়।
এ সময় তাকে মারধর ও বিবস্ত্র করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার স্বামী নুরনবী এগিয়ে এলে তাকেও মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে হামলাকারীরা নুরনবীর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ঘরের বাক্স ভেঙে নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন শিউলি বিবি।
নুরনবী ও তার চাচা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তারাবির নামাজের সময়কে টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওবে মন্ডল বলেন, তিনি সন্ধ্যার পর তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় শিউলি বিবির পরিবারের লোকজন তাকে গালাগালি করেন এবং অভিযোগ তোলেন যে, তিনি নাকি তাদের মেয়েকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তারাই আহত হন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিমন আহম্মেদ বিকাশ 


















