সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, জরুরি দায়িত্বশীল বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করে তা দায়িত্বশীলদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে নির্বাচিত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক নির্বাচনী প্রেক্ষাপটে এই উপনির্বাচনকে ঘিরে বগুড়ায় আবারও সক্রিয় হয়ে উঠবে স্থানীয় রাজনীতি। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী ও জোট সমীকরণ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
Reporter Name 


















