গাবতলী (বগুড়া) প্রতিনিধি: গাবতলী উপজেলার আকন্দপাড়া এলাকার ডঙর বিল ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীসহ স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন দাখিল করেন।
বুধবার সকালেই বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আনারও দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্য গোপাল ঘোষ। বক্তব্য রাখেন গাবতলীর বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির অধ্যাপক ফজলে বারী রতন, আব্দুল হান্নান, জাসাস নেতা ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা অলক চৌধুরী, শান্ত ঘোষ, রিপন চন্দ্র প্রমুখ। কর্মসূচিতে শতাধিক হিন্দু-মুসলিম নারী-পুরুষ অংশ নেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ডঙর বিলটি আকন্দপাড়া, ডঙর, রহিমারপাড়া, বাওইটোনা ও বাহাদুরপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের জীবিকা ও দৈনন্দিন ব্যবহারের সঙ্গে জড়িত। দরিদ্র মৎস্যজীবীরা এখানে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং পূজা-পার্বণও এ বিলকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়ে থাকে।
আবেদনে আরও বলা হয়, বিলটি ইজারা দেওয়া হলে পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এ জলাভূমির জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়বেন স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষ। তাই ডঙর বিল ইজারা বাতিল করে জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি জানান এলাকাবাসী।
Reporter Name 


















