মোঃমনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইলেকট্রো ফিসিং যন্ত্র, ব্যাটারি, ইনভার্টার ও বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে যমুনা নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি ইলেকট্রো ফিসিং যন্ত্র, ১৫টি ব্যাটারি ও ৮টি ইনভার্টার জব্দ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত জাটকা মাছগুলো উপজেলার দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস জানান, অভিযানে ১৫টি ব্যাটারি ও ৮টি ইনভার্টার জব্দ করা হয়েছে এবং দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, যমুনা নদীতে অবৈধ ইলেকট্রো ফিসিং ও জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















