বগুড়ার সোনাতলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভি, ডা. শরিফা নুসরাত, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শায়েলা ইসলাম মুক্তা, মহিলা দল নেত্রী বিজলী খাতুন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সুমাইয়া সার্জিন মিম এবং আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সিদ্দিকা।
বক্তারা তাঁদের বক্তব্যে নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লতিফুল ইসলাম 


















