গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর প্রথম ধাপে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকায় ৪৯৬ জন সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় এবং তাদের মোবাইল অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন করা হয়। পরে বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করেন এবং সুবিধাভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি এলাকায় ৪৯৬ জন নারীকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে। সব মিলিয়ে এই ইউনিয়নে মোট ৮৬৮ জন ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফ্যামিলি কার্ড পাওয়ার পর অনেক সুবিধাভোগী নারী আনন্দ প্রকাশ করেন। তারা জানান, আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ‘সবার আগে স্বাবলম্বী পরিবার, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এতে দরিদ্র পরিবারের সংগ্রাম এবং সহায়তা পাওয়ার পর তাদের জীবনে সম্ভাবনার নতুন দিগন্তের চিত্র তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে গেছে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Reporter Name 


















