পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে ইউনিয়নের মোট ৩ হাজার ২৬৫ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকালে জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী।
বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, চাল নিতে আসা মানুষগুলো যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাধ্যমে চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
সুবিধাভোগীদের উদ্দেশে তিনি বলেন, সরকার থেকে দেওয়া এই সহায়তার চাল বিক্রি না করে পরিবারের জন্য ব্যবহার করার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যরা, ইউপি সচিব আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রিন্স মাহমুদ, সমাজসেবক হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা।
রিমন আহম্মেদ বিকাশ 


















