স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে দুই হোটেলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ মার্চ) বিকেলে পৌর শহরের রেলগেট সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিউ স্বরনিকা হোটেল ও স্বরনিকা হোটেলে নিম্নমানের খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ স্বরনিকা হোটেলকে ৫ হাজার টাকা এবং স্বরনিকা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
এদিকে একই দিনে সদর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীর তীরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে দ্রুত সটকে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত আড়িয়াঘাট এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। বিষয়টি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
অভিযান চলাকালে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
Reporter Name 


















