গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার সরধনকুটি গ্রামে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক একেএম আইসানুল তৈয়ব জাকির। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে জাকির ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা পরিষদসহ সংশ্লিষ্টরা সবসময় থাকবে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
পরে জেলা পরিষদের বরাদ্দ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ৯৬টি পরিবারের মাঝে মোট ১ লাখ ২১ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেশ বর্ধন, অফিস সহকারী আব্দুল ওয়াজেদ, সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 


















