বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মজুত রাখা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ করা হয়েছিল।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, বাড়িটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। খবর পেয়ে ভোর ৪টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে আমিনুল ইসলাম আকাশ অভিযোগ করেন, রাজনৈতিক শত্রুতার জেরে তার পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে বিভিন্ন ফসল ও দোকানের কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের উৎস সম্পর্কে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Reporter Name 


















