বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। টাকা লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
সোমবার (২৩ মার্চ) রাত সোয়া ১২টার দিকে বগুড়া শহরতলির ফাঁপোড় খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম মুন্না ওই এলাকার মৃত ডা. ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন।
নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, রাতে ছেলের জন্য খাবার কিনতে ফাঁপোড় স্কুল সংলগ্ন একটি দোকানে যান মুন্না। ফেরার পথে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে বড় ভাই মাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আনাম জানান, এ ঘটনায় অভিযুক্ত আব্দুল সায়েম ও তার পরিবারের সদস্যরা ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
Reporter Name 


















