সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে লাগানো গাছ কাটা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকাশ্যে দিনের বেলায় গাছ কাটা হলেও সংশ্লিষ্টদের কার্যকর নজরদারি না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।
উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা-পোড়াপাইকর ছলুরঘাট সড়কে এ ঘটনা ঘটছে। উপজেলা সদর থেকে প্রায় ১১-১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ সড়কের দুই পাশে প্রায় ৫০৯টি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই দশক আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তির ভিত্তিতে গাছগুলো রোপণ করে। পরবর্তীতে সেগুলোর দেখভালের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও নিযুক্ত ছিলেন।
অভিযোগ রয়েছে, গত ঈদ-উল-ফিতরের কয়েকদিন আগে থেকে একটি প্রভাবশালী মহল গাছ কাটা শুরু করে। ইতোমধ্যে ৭০ থেকে ৮০টি গাছ কেটে ফেলা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তাদের মতে, এসব গাছের কারণে পুরো সড়কটি ছায়াঘেরা ছিল, যা পথচারীদের জন্য স্বস্তির পরিবেশ তৈরি করেছিল।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে গাছ কাটা চলতে থাকলে বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যার পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হবে। গাছ কাটার প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
পোড়াপাইকর গ্রামের বাসিন্দা সাজু মিয়া জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রশিকা’ একসময় ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তির মাধ্যমে এসব গাছ রোপণ করেছিল। তবে উপজেলা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন।
এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, অভিযোগ পাওয়ার পর গাছ কাটা বন্ধে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















