বগুড়ার সোনাতলা উপজেলায় নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী এলাকা সংলগ্ন লোহাগাড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটির একটি বড় অংশ নষ্ট হয়ে গেছে এবং আংশিক কঙ্কালে পরিণত হয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তি নারী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাতলা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
রিমন আহম্মেদ বিকাশ 


















