বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অপহরণ করে নির্মম নির্যাতনের শিকার যুবলীগ নেতা আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের সদস্য ছিলেন। তিনি শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর মতিন শেখের শ্যালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের সময় ‘হরিণ’ প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন আলাল শেখ। এ সময় একদল যুবক তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে বেঁধে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার হাত-পা ভেঙে যায় বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করে। অবস্থার অবনতি হলে একই দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন আলাল শেখের বাবা বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, আহত অবস্থায় দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Reporter Name 


















