সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ভুট্টাক্ষেতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের এক গৃহবধূকে একই গ্রামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩ মার্চ ওই গৃহবধূ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে অভিযুক্তরা সেখানে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তিনি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তদের নাম উল্লেখ করেন।
এ ঘটনার জের ধরে অভিযুক্তদের লোকজন ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং গৃহপালিত গবাদিপশু নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
পরবর্তীতে ভুক্তভোগী নারী গত ৮ মার্চ বগুড়া জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গত ৩ এপ্রিল সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মোঘল খাঁকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে বলেন, তিনি একজন দিনমজুর এবং আর্থিকভাবে অসচ্ছল। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষ থেকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Reporter Name 


















