বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলসাদ আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিন হাজতি আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ এপ্রিল) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন—সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর গ্রামের চাঁন মিয়া খান (ওরফে চাঁন খান) এবং তার দুই ছেলে জালাল খান ও টোকন খান।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা বিরোধ ও মরিচের চারাগাছ চুরিকে কেন্দ্র করে দেলসাদ আলীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শংকরপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় আসামিরা বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে দেলসাদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ১৩ নভেম্বর ময়মনসিংহের একটি ক্লিনিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফুলেরা বেগম বাদী হয়ে সারিয়াকান্দি থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট টিএম তারিকুল ইসলাম সাচ্চু শুনানি করেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এনামুল হক পান্না।
আদালত শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
Reporter Name 


















