পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
স্থানীয় সূত্র ও মামলা অনুযায়ী, উপজেলার ভবানীপুর গ্রামের এক শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে। গত ৪ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।
Reporter Name 


















