বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বড় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বগুড়া শহর জামায়াতের আমির ও উপনির্বাচনে ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার আহ্বান জানান। তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপির জেলা সভাপতি এস এ মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ শহরের শহীদ খোকন পার্কে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
Reporter Name 


















