বগুড়ার সোনাতলায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক যুবক মো. কজবুল প্রামানিক (৩৫) উপজেলার পূর্ব করজা গ্রামের বাসিন্দা এবং মো. শফিকুল ইসলাম ছকুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাটকরমজা বাজারের পাকা সড়কে অভিযান চালান। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে কজবুলকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমন আহম্মেদ বিকাশ 


















