বগুড়ার সোনাতলা উপজেলায় পারিবারিক কলহ, অভাব-অনটন ও মানসিক অবহেলার মধ্যে বেড়ে ওঠা রুমানা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব তেকানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমানা খাতুন রুবেল মিয়া ও নাছিমা বেগমের মেয়ে। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পরিবারের অগোচরে সে নিজ ঘরে ঘাস নিধনে ব্যবহৃত বিষাক্ত তরল পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, প্রায় তিন বছর আগে পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে রুমানার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সে অভাব-অনটন ও পারিবারিক অবহেলার মধ্যে বড় হচ্ছিল। স্থানীয়দের মতে, এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়া রুমানা এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
প্রতিবেশীরা জানান, রুমানা ছিল শান্ত স্বভাবের এবং পড়াশোনায় আগ্রহী একটি মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় সোনাতলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
রিমন আহম্মেদ বিকাশ 


















