সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় থানা পুলিশের নিয়মিত অভিযানে পৃথক দুটি ঘটনায় দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইমরান হাসান (৩০) এবং ১০ পিস ট্যাবলেটসহ মোঃ আলম মিয়া (২৫)-কে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ইতোমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত তৎপরতার অংশ হিসেবে থানা এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তায় দিন-রাত বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বালুবাহী ট্রাকসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারিয়াকান্দি থানা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে। পুলিশ জানিয়েছে, জনসাধারণের দেওয়া তথ্যের গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করা হবে।
Reporter Name 


















